ঐতিহাসিক লংমার্চের সাক্ষী হওয়ার দাবি করে এর মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার ( ১৯ সেপ্টেম্বর) লংমার্চ নিয়ে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ৮ দফা দাবির প্রতি এই বিশাল গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারও নেই।
সাদিক কায়েম বলেন, নিজেদের অধিকার আদায়ে তিতুমীর, আবু সাঈদ ও ওসমান হাদির গর্বিত উত্তরাধিকার হয়ে রাস্তায় নেমেছিলেন গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের সর্বস্তরের মানুষ।
তিনি বলেন, ‘রাস্তার দুইপাশে, প্রতিটি জনসভা ও পথসভায় কৃষক, শ্রমিক, শিক্ষিত মধ্যবিত্ত, গৃহিণী, মায়ের হাত ধরে আসা শিশু—সবমিলিয়ে কী অপূর্ব এক জনস্রোত! এই দৃশ্য সামনে থেকে না দেখলে বোঝা কঠিন। উত্তরবঙ্গের মানুষ সত্যিই আজ জেগে উঠেছে।’
উত্তরবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে ডাকসুর ভিপি বলেন, লংমার্চ ঘিরে তাদের ‘অভূতপূর্ব উচ্ছ্বাস ও উদ্দীপনা’ প্রমাণ করে, ৮ দফা দাবি বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
সাদিক কায়েম বলেন, ‘আমরা কথা দিচ্ছি, এই ৮ দফা দাবি আদায় না করে ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরবঙ্গের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত এবং সব ধরনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে।


