...|...|...

সারাদেশ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, দুপুর ১২:৫৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৪
Shares
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষের কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। যেন প্রান্তিক মানুষেরা কষ্ট না পায়, সেটিই আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন। এ লক্ষ্য বাস্তবায়নে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয়নি—এটি কি আন্দোলনের বিষয় হতে পারে?”

জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন। সৌরবিদ্যুতে জ্বালানির কোনো খরচ নেই। এর ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি কমবে এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।