...|...|...

সারাদেশ

৬ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন চালু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১৫ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৪
Shares
৬ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন চালু

পণ্যবাহী ট্রেইলারের এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধের প্রায় ছয় ঘণ্টা পর আবারও কনটেইনার পরিবহন চালু হয়েছে। এ ঘটনায় আগামীকাল বুধবার বিকালে দুই পক্ষ আবার বৈঠকে বসবে বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেটে মারধরের ঘটনা ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর কনটেইনার সরবরাহ বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।

ঘটনায় আশিকুর রহমান নামে বন্দরের এক নিরাপত্তা কর্মীও আহত হন। শ্রমিকদের অভিযোগ, বন্দরের গেটে প্রবেশ পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সাথে গেটে কর্মরত এক নিরাপত্তা কর্মীর প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এর জেরেই পণ্য পরিবহন বন্ধ করে দেন শ্রমিকরা।

প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান জানান, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেয়ার প্রতিবাদ জানালে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। পরে বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালে তারা এসে মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আবারও ঝামেলা সৃষ্টি হয়। এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।

চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার একক কনটেইনারবাহী পণ্য ডেলিভারি হয়। জাহাজ থেকে নামানোর পর এসব কনটেইনার ট্রেইলারে করে গন্তব্যে নেয়া হয়।

খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বন্দরের সচিব।