দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের বড় আসর বসতে যাচ্ছে যুক্তরাজ্যে। ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। চার দেশের সম্মিলিত আয়োজক প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্য দিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে বিশ্বকাপের আসর।
জুরিখে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের বিশেষ ভার্চুয়াল সভায় চার দেশের যৌথ বিড অনুমোদন করা হয়। ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের জন্য এটিই ছিল একমাত্র প্রস্তাব। ফলে আয়োজক হওয়ার দৌড়ে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি দেশগুলোকে।
৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০৩৫ সালের এই বিশ্বকাপ। ৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ‘অল টুগেদার’ নামের যৌথ প্রস্তাবে প্রাথমিকভাবে ১৯টি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি এবং উত্তর আয়ারল্যান্ডে একটি স্টেডিয়াম রয়েছে।
ইংল্যান্ডের প্রস্তাবিত ভেন্যুর তালিকায় রয়েছে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম, এমিরেটস স্টেডিয়াম, টটেনহাম হটস্পার স্টেডিয়াম, ওল্ড ট্রাফোর্ড, ইতিহাদ স্টেডিয়াম ও সেন্ট জেমস পার্ক। এ ছাড়া ওয়েলসের কার্ডিফ সিটি স্টেডিয়াম ও প্রিন্সিপালিটি স্টেডিয়াম এবং স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্ক ও ইস্টার রোডেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। উত্তর আয়ারল্যান্ডের উইন্ডসর পার্কে সংস্কারকাজ শেষ করে সেখানে খেলা আয়োজনের কথা বলা হয়েছে।
প্রাথমিক তালিকার বাইরে আরও তিনটি স্টেডিয়াম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হলো বার্মিংহামের প্রস্তাবিত পাওয়ারহাউস স্টেডিয়াম, সংস্কার করা রেক্সহ্যামের রেসকোর্স গ্রাউন্ড এবং চেলসির সম্ভাব্য নতুন স্টেডিয়াম। এসব ভেন্যু যুক্ত হলে স্টেডিয়ামের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২টিতে। ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে ১৬টি শহরে।
বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইংল্যান্ড নারী দলের ও আর্সেনালের তারকা ফুটবলার মিশেল আগিয়েমাং। তাঁর মতে, দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন নতুন প্রজন্মের নারী ফুটবলারদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে।
তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে বড় কোনো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আমার হয়েছে। ছোটবেলায় ফুটবল খেলার সময় এমন মুহূর্তের স্বপ্নই দেখতাম। নতুন একটি প্রজন্ম যখন জানবে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ তাদের দেশেই বসতে যাচ্ছে, সেটি হবে অসাধারণ অনুভূতি। নিজের দেশে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া স্বপ্নের মতো। তবে আরও আনন্দের বিষয় হলো, অসংখ্য মেয়ে এই বিশ্বকাপ দেখে একদিন নিজেদেরও এমন মঞ্চে খেলার স্বপ্ন দেখবে।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও এই আয়োজনকে দেশের জন্য বড় সম্ভাবনা হিসেবে দেখছেন। তাঁর ভাষ্য, বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে পর্যটন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
তিনি বলেন, ‘বিশ্ব এখন যুক্তরাজ্যে আসছে। ২০৩৫ সালে নারী ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে পর্যটক, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম মনে করেন, ২০২২ সালে নারী ইউরো আয়োজন এবং শিরোপা জয়ের পর বিশ্বকাপ আয়োজনের সুযোগ নারী ফুটবলের বিকাশে নতুন গতি যোগ করবে।
তিনি বলেন, ‘২০২২ সালে ইউরো আয়োজনের মাধ্যমে আমরা দেশের ফুটবলে পরিবর্তন আনতে পেরেছিলাম। নতুন প্রজন্মের সামনে অনুপ্রেরণার প্রতীক তৈরি হয়েছে এবং নারী ও মেয়েদের ফুটবলে অংশগ্রহণের আগ্রহ বেড়েছে। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে চারটি দেশেই সেই অগ্রযাত্রাকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।’
তবে আয়োজক চার দেশ ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস সরাসরি ২০৩৫ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফিফা।
একই সভায় ২০৩১ নারী বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নামও ঘোষণা করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা যৌথভাবে আয়োজন করবে ওই আসর। ৪৮ দলের অংশগ্রহণে সেটিই হবে নারী বিশ্বকাপের প্রথম আসর।
উল্লেখ্য, ১৯৬৬ সালে সর্বশেষ পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। সেবার নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল দেশটি। এবার ২০৩৫ সালে নারী বিশ্বকাপের মধ্য দিয়ে আবারও বিশ্ব ফুটবলের বড় আয়োজনের কেন্দ্রবিন্দুতে আসতে যাচ্ছে যুক্তরাজ্য।



