ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ (৬০) নামের এক বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মমতাজের বাড়ি ময়মনসিংহ এলাকায়। তবে প্রায় ২০ বছর ধরে তিনি আখাউড়া উপজেলার হতুরা শরীফ এলাকায় একটি বাড়িতে বসবাস করছেন। প্রতিদিনের মতো ঘটনার দিন ভোরেও তিনি ভিক্ষা করতে বের হন।
অভিযোগ অনুযায়ী, ভোরে তিনলাখপীর এলাকায় তিনি ধর্ষণের শিকার হন। পরে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রিয়াজ আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, চিকিৎসা পরীক্ষায় ভুক্তভোগীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।


