গাজীপুরের কালীগঞ্জে রাতের নিয়মিত টহল ডিউটি চলাকালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) ও এক স্থানীয় পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এসআই ও এক গাড়িচালক (কনস্টেবল) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং স্থানীয় কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ থানার এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক (কনস্টেবল) রাব্বি (২৮)। গুরুতর আহত এসআই জাবেদ ওমর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর গাড়িচালক রাব্বি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালীগঞ্জ থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি দিচ্ছিল। টহলের একপর্যায়ে ভোর সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে স্থানীয় রফিক মোল্লার সাথে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও রাব্বি। এ সময় ঘোড়াশালগামী একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান তাদের সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানটি এসআই মিজানুর রহমানকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়।
দুর্ঘটনার পর খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক স্থানীয় পথচারী রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আশঙ্কাজনক অবস্থায় এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। এসআই জাবেদ ওমর সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে, কনস্টেবল রাব্বি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গতরাতে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান পুলিশের একটি নিয়মিত টহল দলকে চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় পরে এক এসআই ও এক পথচারী মারা গেছেন। ঘাতক চালক কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

