কাগজে প্রকল্পের ভৌত অগ্রগতি ৬৭ শতাংশ। আর এতেই ৫ বছর মেয়াদী এই প্রকল্পে সরকারি টাকা ছাড় হয়েছে প্রায় ৩৯৮ কোটি ২০ লাখ টাকা। ৬০ মাসের এই প্রকল্পে ৩৪ মাসে খরচ হয়ে গেছে ৩৯৭ কোটি ৭৬ লাখ টাকা। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ২৫টি উপজেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ সুবিধা দিতে ৬০২ কোটি ২৬ লাখ টাকার প্রকল্প হাতে নেয় সরকার। কোটি কোটি টাকা খরচ হলেও প্রান্তিক কৃষকরা সুফল না পাওয়ায় প্রশ্ন উঠেছে প্রকল্প নিয়ে।
টাইমস টুডের অনুসন্ধানে উঠে এসেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পর মাঠ পর্যায়ের তথ্য। প্রকল্পের নথি ও সাম্প্রতিক আইএমইডির প্রতিবেদনেও উঠে এসেছে একই চিত্র। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৩৯৮ কোটি টাকা ব্যয়ে চাষকৃত জমির মধ্যে মাত্র ৫১৭ দশমিক ৭৪ হেক্টর জমি এসেছে সেচের আওতায়। ফসল উৎপাদন হয়েছে ৮৯ দশমিক ৭৩ মেট্রিক টন। অথচ একই সময়ে ১৫ হাজার ৬৩৪ হেক্টর জমিতে সেচ এবং ৭৮ হাজার ১৭০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য ছিল।
তথ্য বলছে, এই প্রকল্পের বড় কাজ ছিল ভরাট খাল নতুন করে খনন করা। মূল প্রকল্প প্রস্তাবে ছিল ৬৯২টি খালের নাম। এর মধ্যে ২৯৪টি খাল খনন করা হয়েছে-এমনটা জানানো হয়েছে। কাগজে অগ্রগতি দেখানো হয়েছে ৮৯ দশমিক ৮১ শতাংশ। সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। খনন করা ২৯৪টি খালের মধ্যে মাত্র ৩৭টির দৈর্ঘ্য ঠিক আছে। বাকি ২১১টি খালের দৈর্ঘ্য বাড়িয়ে দেখানো হয়েছে। ৪৬টি খালের নাম মূল তালিকাতেই নেই। অনুমোদনের বাইরে গিয়ে এসব খাল খনন দেখানো হয়েছে।
প্রতিবেদনে উঠে এসেছে, শুরু থেকেই প্রকল্পের পরিকল্পনায় বড় ভুল ছিল। সম্ভাব্যতা সমীক্ষায় ৭২৫ কিলোমিটার খাল খননের কথা বলা হয়। ১৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে সেচ ও ৮৭ হাজার ২৫০ মেট্রিক টন ফসল উৎপাদনের হিসাব। মূল প্রকল্প প্রস্তাবে খাল খনন কমিয়ে ৫২৫ কিলোমিটার করা হয়। খাল কমলেও সেচের লক্ষ্য বাড়িয়ে ১৮ হাজার ৯২০ হেক্টর ধরা হয়। ফসলের লক্ষ্য ধরা হয় ৯৪ হাজার ৬০০ মেট্রিক টন। এ ছাড়া পণ্য, কাজ ও সেবা মিলিয়ে ১৪৪টি প্যাকেজে কেনাকাটার পরিকল্পনা করা হয়। কিন্তু বার্ষিক ক্রয় পরিকল্পনা ও মূল প্রকল্পের বরাদ্দে উঠে এসেছে অমিল। কোন অর্থবছরে কত খরচ হবে, তার হিসাবও স্পষ্ট নয়। ৬টি প্যাকেজের কাজের স্থান বাছাই ও অনুমোদনেও দুর্বলতা ধরা পড়েছে।
মাঠে নানা ত্রুটি ও ঝুঁকি
দুই জেলার ২ লাখ ৬৫ হাজার ৬০১ হেক্টর চাষযোগ্য জমির অর্ধেকের বেশি এখনো সেচের বাইরে। শুষ্ক মৌসুমে সাঙ্গু, বাঁকখালী ও মাতামুহুরী নদীতে পানি অনেক কমে যায়। তাই খাল ও জলাধার সংরক্ষণ জরুরি ছিল।
টাইমস টুডের অনুসন্ধান বলছে, প্রকল্পের আওতায় বিভিন্ন ক্ষমতার ২৬৫টি এলএলপি বারিড পাইপলাইন, ৪২৩টি আর্টেসিয়ান ওয়েল ও ২৯টি সোলার ডাগওয়েল তৈরি হয়েছে। ৩৭টি পুকুর খনন ও ২০ কিলোমিটার ফসলরক্ষা বাঁধও নির্মাণ করা হয়েছে। তবু কৃষক এর সুফল পাচ্ছেন না। উপকূলের খনন করা খালে আবার পলি জমছে। বাঁধ দুর্বল থাকায় খালে লোনাপানি ঢুকছে। সৌর পাম্পগুলোতে বিকল্প বিদ্যুৎ সংযোগ নেই। তাই মেঘলা দিনে পাম্প চলে না। খোলা জায়গায় থাকা সৌর প্যানেল ও ডাগওয়েল চুরির ঝুঁকিতে আছে। আধুনিক ক্রংকফ্লাই ও ড্রিপ ইরিগেশন প্রযুক্তি মাঠে দেখা যায়নি। এগুলো কেবল প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে।
প্রকল্পের ২৬টি পদের মধ্যে ৮টি পদ এখনও শূন্য। কারিগরি লোকবলের অভাবে মাঠের কাজ ঠিকমতো তদারকি হচ্ছে না। ২০২৩-২৪ অর্থবছরের অডিটে ৭টি আপত্তি উঠেছিল। এর একটিরও সমাধান হয়নি। এমনকি ২০২৪-২৫ অর্থবছরের অডিট প্রতিবেদনও সমীক্ষা দলকে দেখানো হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের চাহিদার কারণে কিছু খালের মাপ বদলাতে হয়েছে। জরুরি প্রয়োজনে তালিকার বাইরের কিছু খালও খনন করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ পেতে দেরি হওয়ায় কিছু কাজ পিছিয়ে গেছে।
বিএডিসির চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের পরিচালক নুরুল ইসলামের সাথে একাধীকবার যোগাযোগের চেষ্টা করে টাইমস টুডে। তবে তিনি সাড়া দেননি। ফোনে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
তবে প্রকল্পের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমস টুডেকে বলেন, মাঠ পর্যায়ে অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত চলছে। অনেক কাজ শেষের দিকে থাকায় সেচের পুরো হিসাব এখনও যোগ হয়নি। নতুন মৌসুম শুরু হলে সেচ ও ফসল উৎপাদন লক্ষ্যমাত্রার কাছে চলে যাবে। প্রকল্প সংশোধন, শূন্য পদে নিয়োগ এবং অডিট আপত্তির বিষয়েও কাজ চলছে।
তবে সমীক্ষা প্রতিবেদনে কঠোর সুপারিশ করা হয়েছে। এতে দ্রুত প্রকল্প সংশোধন, পাম্প হাউজে বিদ্যুৎ সংযোগ, খালের পাড় বাঁধাই এবং সৌর প্যানেলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি তালিকার বাইরে খাল খননের বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

