...|...|...

লাইফস্টাইল

৩ হাজারের চিত্রকর্ম রাতারাতি ১৬ কোটি টাকার সম্পদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৯
Shares
৩ হাজারের চিত্রকর্ম রাতারাতি ১৬ কোটি টাকার সম্পদ

গারট্রুড অ্যাবারক্রমবির আঁকা ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি এস্টেট সেল থেকে মাত্র ৩০ ডলারে পুরোনো একটি চিত্রকর্ম কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’। বাংলাদেশি মুদ্রায় যার দাম ছিল প্রায় ৩ হাজার ৬৮০ টাকা। ধুলাবালুর মধ্যে পড়ে থাকা সেই চিত্রকর্মটির আসল মূল্য সম্পর্কে তখন কোনো ধারণাই ছিল না তার। কিন্তু পরে বিশেষজ্ঞদের মূল্যায়ন ও নিলামের পর বদলে যায় ছবিটির গল্প। মাত্র ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্মটিই শেষ পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ১৬ কোটি টাকায়। ফলে অল্প দামের সেই কেনাকাটা পরিণত হয়েছে অবিশ্বাস্য এক লাভের ঘটনায়। তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা ইউপিআই।

এস্টেট সেলের জন্য রাখা অন্য মালপত্রের ভেতর অবহেলায় পড়ে থাকা চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের শিকাগোর পরাবাস্তববাদী চিত্রশিল্পী গারট্রুড অ্যাবারক্রমবির আঁকা। দীর্ঘদিন ধরে এই চিত্রকর্ম নিখোঁজ ছিল।

সম্প্রতি ফ্রিম্যানস অকশনসে চিত্রকর্মটি নিলামে তোলা হয়। ওই নিলামে চিত্রকর্মটি সাড়ে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে; বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৬ কোটি টাকার বেশি। এটি অ্যাবারক্রোমবির আঁকা শিল্পকর্মের মধ্যে এযাবৎকালের সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া চিত্রকর্মের স্বীকৃতি পেয়েছে।

চিত্রকর্মটির শিরোনাম ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’। গারট্রুড অ্যাবারক্রোমবি ১৯৫১ সালে এটি এঁকেছিলেন। নিলামকারীদের ধারণা ছিল, চিত্রকর্মটি ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। তবে সবাইকে অবাক করে দিয়ে চূড়ান্ত নিলামে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে ছবিটি বিক্রি হয়।

বিশেষজ্ঞদের মতে, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে ছবিটি উপহার হিসেবে দিয়েছিলেন শিল্পী। প্রায় ৭৫ বছর ধরে এটি চিকিৎসকের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।