কুমিল্লার লালমাই উপজেলার হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হকের ৩৫ বছরের শিক্ষকতা জীবনের অবসান হয়েছে। দীর্ঘ কর্মজীবনের ৩০ বছরই তিনি একই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অবসর উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম ওমর ফারুক সুমন, হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান মিয়াজী, সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলম খোকন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান।
বিদায়ী শিক্ষক জহুরুল হকের কর্মজীবন ও অবদান তুলে ধরে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি ও প্রধান শিক্ষিকা মঞ্জুমা সুলতানা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার এবং শিক্ষার্থী খায়রুল ইসলাম ও মিনহাজ মোস্তাকিম মিনহাজ।
স্মৃতিচারণ করে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম ওমর ফারুক সুমন বলেন, ‘আমাদের অনুন্নত এলাকাকে তিনি তার মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। এলাকার মানুষ তাকে আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি যেন অবসরপরবর্তী জীবনেও আমৃত্যু এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখেন।’
বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান শিক্ষক জহুরুল হক। দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরে তিনি সহকর্মীদের সহযোগিতা, শিক্ষার্থীদের ভালোবাসা এবং অভিভাবক ও এলাকাবাসীর সমর্থনের কথা স্মরণ করেন। এ সময় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবসরপরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানের শেষপর্বে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দিয়ে জহুরুল হককে বিদায় জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, জহুরুল হক ১৯৮৩ সালে বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৯ সালে একই কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখেন। হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ৩০ বছর দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতিতে তার অবদান রয়েছে। তার শিক্ষার্থীদের অনেকে বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন।

