...|...|...

অর্থনীতি

৩০ টাকা কেজিতে আজ থেকে চাল বিক্রি শুরু, পাবেন যারা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৭
Shares
৩০ টাকা কেজিতে আজ থেকে চাল বিক্রি শুরু, পাবেন যারা

ছবি: সংগৃহীত

সরকার তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন একজন শ্রমিক।  শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ চাল বিক্রি শুরু হচ্ছে।

খাদ্য ব্যয় কমানো এবং পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

এ কর্মসূচির আওতায় চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদফতরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।