আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) বর্তমানে ফ্রিজিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফ্রিজিং শেষ হলে বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এর ফলে গ্যাস সংকটে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা সম্ভব হবে।
তিনি জানান, গ্যাস সরবরাহ শুরু হলেও আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।
বিদ্যুতের অতিরিক্ত বিল ও ভুতুড়ে বিলের অভিযোগ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, অভিযোগ জানাতে বলা হলেও অনেকেই সরাসরি কর্তৃপক্ষের কাছে আসেন না। তবে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, এটি ছিল একটি নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পাইপলাইনের মাধ্যমে আরও বেশি পরিমাণ ডিজেল সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জ্বালানিমন্ত্রী বলেন, “শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।


