রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৪১, লালবাগ বিভাগে ৪৪, ওয়ারী বিভাগে ৭০, মতিঝিল বিভাগে ৫৭, তেজগাঁও বিভাগে ৬৩, মিরপুর বিভাগে ১৫০, গুলশান বিভাগে ৩৩, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ এবং তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এছাড়া এক হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করা হয়েছে।
এ সময় একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


