ব্রাজিলের জাতীয় দলে ফেরার আশা এখনো ছাড়েননি নেইমার। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপে আবারও দেশের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই ফরোয়ার্ড। তবে সেই স্বপ্ন পূরণে নিজের ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখাই এখন তার বড় চ্যালেঞ্জ।
সোমবার (১৬ নভেম্বর) সাও পাওলোর গুয়ারুলহোসে কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে জাতীয় দলে ফেরা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন নেইমার। এ সময় তার সাথে ছিলেন সান্তোসের সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার। বন্ধু ক্রিস গুয়েদেসের সাথে সম্প্রচার বুথে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডটকম।
ম্যাচটি দেখতে সেখানে গিয়েছিলেন কিংস লিগের দল ফুরিয়ার সহসভাপতি হিসেবে। একপর্যায়ে গুয়েদেস তাকে প্রশ্ন করেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যেতে চান কি না। জবাবে নেইমার বলেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্ত ফুটবল খেলব, এটা তো নিশ্চিত।’
কথোপকথনের একপর্যায়ে পরবর্তী কোপা আমেরিকা ২০২৭ সালে হবে বলে ভুল তথ্য দেন গুয়েদেস। তবে টুর্নামেন্টটির পরবর্তী আসর হওয়ার কথা ২০২৮ সালে। বন্ধুর ভুল শুনে বিস্মিত হন নেইমার। তখন মজা করে গুয়েদেস বলেন, ‘ইঙ্গিতটা বুঝে নাও, হলুদ জার্সিতে তোমাকে ভালোই মানায়।’
সান্তোসের সাদা ও ব্রাজিলের হলুদ জার্সির প্রসঙ্গ টেনে নেইমার বলেন, ‘সাদা জার্সিতেই আমাকে ভালো দেখায়। হলুদ জার্সিতেও ভালো দেখিয়েছে, এবার আমাকে ছেড়ে দাও।’
এ সময় আর্থারও মন্তব্য করেন, ব্রাজিলের জার্সিতে নেইমারকে ভালো মানায়। গুয়েদেস বলেন, পিএসজিতে থাকার সময়ের তুলনায় এখন বেশি ম্যাচ খেলছেন এই ফরোয়ার্ড। তার মতে, ফিটনেসের উন্নতি ধরে রাখতে পারলে ২০২৮ কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ।
জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নেইমার বলেন, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।’
তবে নেইমারের এই বক্তব্য জাতীয় দলে ফেরার নিশ্চয়তা দিচ্ছে না। সান্তোসের হয়ে নিয়মিত খেলা এবং শারীরিক সক্ষমতা ধরে রাখতে পারলে ২০২৮ কোপা আমেরিকার আগে ব্রাজিল দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে। ২০৩০ বিশ্বকাপে খেলার স্বপ্নও নির্ভর করছে আগামী কয়েক মৌসুমে তার ফিটনেস ও পারফরম্যান্সের ওপর।
জাতীয় দলের পাশাপাশি কিংস লিগ নিয়েও পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগ ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সে ম্যাচে সান্তোসের বর্তমান সতীর্থদের সাথে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে তার।



