...|...|...

খেলা

১৭ বছর পর ইংল্যান্ড সফর, আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৪
Shares
১৭ বছর পর ইংল্যান্ড সফর, আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের। তবে সফরটি কেবল একটি ম্যাচে সীমাবদ্ধ থাকছে না। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের আগে আয়ারল্যান্ডের সাথেও একটি টেস্ট খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের আলোচনায় ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আয়ারল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে দুই দলের এই টেস্ট। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটির আগে একটি তিন বা চার দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডটি ইংলিশ কাউন্টি দল এসেক্সের হোম ভেন্যু। ২০২৩ সালে এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আয়ারল্যান্ড। সেখানে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে অনুষ্ঠিত হলেও কোনো টেস্ট ম্যাচ গড়ায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি ম্যাচ হয়েছে মিরপুরে, অন্যটি সিলেটে। এবার আইরিশদের মাঠে প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি নিশ্চিত হওয়ার পর সফরের সূচি আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছিল বিসিবি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে সীমিত ওভারের ম্যাচ, বিশেষ করে ওয়ানডে আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছিল। আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে দুই-তিনটি ওয়ানডে খেলার আগ্রহও ছিল বাংলাদেশের। তবে সেই আলোচনা চূড়ান্ত রূপ পায়নি। ভবিষ্যতে ওয়ানডে আয়োজনের বিষয়ে আশ্বাস দিয়েছে ইসিবি। পরে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শুরু করে বিসিবি, যা শেষ পর্যন্ত সফল হয়েছে।

টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম ১০ বছরের মধ্যেই দুইবার ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। ২০০৫ সালে দুটি এবং ২০১০ সালে আরও দুটি টেস্ট খেলেছিল টাইগাররা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইংল্যান্ডের মাটিতে আর টেস্ট খেলার সুযোগ হয়নি। সর্বশেষ সফরে বাংলাদেশের হয়ে দুর্দান্ত দুটি সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল, যিনি বর্তমানে বিসিবি সভাপতি।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে আগামী বছর ইংল্যান্ড সফর ছিল না বাংলাদেশের। তবে ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড। সেই প্রস্তাবে সম্মতি দেয় বিসিবি। এর ফলে দীর্ঘ বিরতির পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ তৈরি হয়েছে।

আগামী জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল লর্ডসে। তবে উইকেট নিয়ে বিতর্কের কারণে ম্যাচটি ওভালে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের প্রস্তাবিত টেস্টটি আয়োজনের জন্য লর্ডসকে বেছে নেওয়া হয়েছে।