তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকার লঙ্ঘন এবং বৈষম্যের প্রতিবাদে দেশটির বিপক্ষে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো টুর্নামেন্টে সূচি অনুযায়ী আফগানিস্তানের মুখোমুখি হতে হলে খেলতে রাজি থাকবে স্কটিশ দল।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর এক প্রতিবেদনে সোমবার (৯ নভেম্বর) ক্রিকেট স্কটল্যান্ডের এই অবস্থানের কথা জানানো হয়েছে। দেশটির পুরুষ ও নারী দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরও ওই দিন বোর্ডের নতুন নীতির বিষয়ে অবহিত করা হয়েছে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি স্কটল্যান্ড। তবে ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল।
চলতি গ্রীষ্মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাথে সম্পর্ক ও সহযোগিতার বিষয়টি নতুন করে পর্যালোচনা করে ক্রিকেট স্কটল্যান্ড। আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়ে এসিবি একটি আবেদন করেছিল। তবে শেষ মুহূর্তে অনুরোধ আসা এবং উপযুক্ত ভেন্যু না পাওয়ায় সেটি গ্রহণ করেনি স্কটল্যান্ড।
এ ছাড়া প্রস্তাবিত আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে (এপিএল) স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টিও পর্যালোচনায় গুরুত্ব পায়।
গত সপ্তাহে অনুষ্ঠিত এপিএলের খেলোয়াড় ড্রাফটে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, টুর্নামেন্টটি আইসিসির অনুমোদন পেলে মানসিকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে।
এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড়দের সাথে সম্পাদিত চুক্তির শর্ত ও দায়বদ্ধতা পূরণ করবে বোর্ড। কোনো ক্রিকেটারকে এনওসি দেওয়া হলে সেটিকে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি বোর্ডের সমর্থন হিসেবে দেখার সুযোগ নেই।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আইসিসির কোনো প্রতিযোগিতায় আফগানিস্তানের বিপক্ষে খেলার বাধ্যবাধকতা থাকলে তা পালন করবে স্কটল্যান্ড। এমনকি ওই প্রতিযোগিতার প্রস্তুতি ম্যাচ হলেও খেলতে আপত্তি থাকবে না। তবে দেশটির নারী ক্রিকেটের পরিস্থিতি এবং সামগ্রিক মানবাধিকার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করবে না তারা।
আফগানিস্তান ইস্যুতে ক্রিকেট স্কটল্যান্ডের এই অবস্থান ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
উল্লেখ্য, ২০১৭ সালে নারী জাতীয় দল ও নারী ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় কাঠামো গড়ে না তুললেও আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দিয়েছিল আইসিসি। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর দেশটিতে নারী ও মেয়েদের অধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটে। বিশেষজ্ঞরা এই বৈষম্যমূলক পরিস্থিতিকে ‘জেন্ডার অ্যাপারথেইড’ বা লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য হিসেবে অভিহিত করেছেন।
এদিকে আফগানিস্তানের বাইরে অবস্থানরত নারী ক্রিকেটারদের নিয়ে গঠিত ‘আফগানিস্তান রিফিউজি উইমেনস ইলেভেন’ দলটি চলতি গ্রীষ্মে ইংল্যান্ড সফর করেছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত ওই সফরের মধ্য দিয়ে দলটির কার্যক্রম আবারও আলোচনায় আসে।



