লিওনেল মেসির অনুপস্থিতিকে আর্জেন্টিনার বিপক্ষে বাড়তি সুবিধা হিসেবে দেখছে উরুগুয়ে। আসন্ন প্রীতি ম্যাচে বিশ্বসেরা এই ফুটবলারের না থাকাকে কাজে লাগাতে চায় দলটি। উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো জানিয়েছেন, মেসি না থাকায় জয়ের সুযোগ নিতে চাইবেন তারা। তবে আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের সামর্থ্য বিবেচনায় প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না বার্সেলোনার এই ডিফেন্ডার।
নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে শুক্রবার (১৩ নভেম্বর) বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও উরুগুয়ের। মেসিকে ছাড়া এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। এ ম্যাচ সামনে রেখে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে নিজের ভাবনার কথা জানিয়েছেন আরাউহো।
মেসির অনুপস্থিতি নিয়ে উরুগুয়ের এই ডিফেন্ডার বলেন, ‘শেষ পর্যন্ত তারা বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। আর আমরা সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করব।’
তবে মেসি না থাকলেই আর্জেন্টিনাকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মনে করেন আরাউহো। দলটির তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের নিয়েও সতর্ক তিনি। আরাউহোর ভাষায়, ‘তাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে, অনেক প্রতিভাবান তরুণও রয়েছে। তারা এমন একটি দল, যাদের কখনোই অবহেলা করা যায় না।’
আর্জেন্টিনার বিপক্ষে লড়াই যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন উরুগুয়ের এই ডিফেন্ডার। নিজেদের স্বাভাবিক খেলার ধরন বজায় রেখে জাতীয় দল হিসেবে আরও উন্নতি করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে প্রতিটি ম্যাচই কঠিন। তবে আমরা নিজেদের খেলার ধরন তুলে ধরতে চাই এবং জাতীয় দল হিসেবে আরও এগিয়ে যেতে চাই।’
এদিকে আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ জয়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। বুয়েনস এইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে সেই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল দলটি।
ওই জয়ের স্মৃতিচারণা করে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ভালভার্দে বলেন, ‘নিশ্চয়ই ওই ম্যাচ নিয়ে আলোচনা হবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সর্বশেষ জয়টা এসেছিল সেখানেই। আমার মনে হয়, আমরা দারুণ একটি ম্যাচ খেলেছিলাম।’



