...|...|...

খেলা

১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৭ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪২
Shares
১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও থারিন্দু রত্নায়েকের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে তারা। জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬০ রান।

শনিবার (৩ অক্টোবর) এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। দলীয় ২১ রানের মধ্যে চারটি এবং ৫৪ রানের মধ্যে পাঁচটি উইকেট হারায় লঙ্কানরা। শীর্ষ চার ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ।

আশেন বান্দারা ২৪ বলে ১৮ রান করে ফিরে গেলে শ্রীলঙ্কার ইনিংস সামলানোর দায়িত্ব নেন অধিনায়ক সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নায়েকে। দুজনের জুটি দলকে দ্রুত বিপর্যয় কাটিয়ে ওঠার পথ দেখায়।

১৪তম ওভারে আক্রমণে এসে কঠিন সময় পার করেন মুস্তাফিজ। তার করা ওই ওভারে ২৫ রান নেয় শ্রীলঙ্কা। অতিরিক্ত রান দেওয়ার কারণে ওভারটি শেষ করতে তাকে করতে হয় ১১টি ডেলিভারি। ফলে লঙ্কানদের রান রেটও ছয়ের ওপরে উঠে যায়।

১৭তম ওভারে ফিরে অবশ্য নিয়ন্ত্রিত বোলিং করেন মুস্তাফিজ। প্রথম বলেই একটি চার এবং পরে দুটি ওয়াইড দিলেও বাকি পাঁচটি বৈধ বলে মাত্র পাঁচ রান দেন তিনি।

এরপর আরাচ্চিগে ও থারিন্দুর জুটি বাংলাদেশের জন্য অস্বস্তি বাড়াতে থাকে। ১৮তম ওভারে পারভেজ হোসেন ইমনের হাতে থারিন্দুর ক্যাচও পড়ে যায়। তবে পরের ওভারে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে স্বস্তি দেন মুস্তাফিজ। একই ওভারে ভেঙে দেন গুরুত্বপূর্ণ জুটিটিও।

আউট হওয়ার আগে মাত্র ৩২ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন থারিন্দু। তার ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা।

শেষ ওভারে আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা। সাইফ হাসান এক ওভারেই তুলে নেন দুটি উইকেট। এর মধ্যে শেখ মেহেদীর ক্যাচে একটি উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও ক্যাচ নেওয়ার সময় মেহেদীর পা বাউন্ডারি লাইনে স্পর্শ করায় সেটি উইকেট হয়নি।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। ফলে ব্রোঞ্জ পদক জিততে বাংলাদেশকে করতে হবে ১৬৬ রান।