...|...|...

আবহাওয়া

১৪৫ কিমি বেগে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৮:৩০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:২৬
Shares
১৪৫ কিমি বেগে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দেশটির অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। আর দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।

শুধু অন্ধ্রপ্রদেশ নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও। বিশেষ করে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডির ১৭ নভেম্বরের বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্য অংশে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অক্ষাংশ ১২.২ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৫.৭ ডিগ্রি পূর্বে। সেই সময় এটি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৯ নভেম্বর সকালে তা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও টুনি এলাকার মধ্যবর্তী কোনো জায়গা দিয়ে স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উপকূলবর্তী কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, ওড়িশাতেও জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকার ইতোমধ্যেই ৭৪টি উদ্ধারকারী দল মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে ৬০টি ওডিআরএএফ এবং ১৪টি এনডিআরএফ দল। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি এবং পুরী জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগাম সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ ও ২০ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির শঙ্কা রয়েছে। চেন্নাই ও সংলগ্ন জেলাগুলোতেও ১৭ নভেম্বর থেকে ভারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

অন্ধ্রপ্রদেশ উপকূলে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রে ১ থেকে ২ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাপটলা, কৃষ্ণা এবং পশ্চিম গোদাবরী জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে।

সব মিলিয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর শক্তিবৃদ্ধিতে উপকূলবর্তী রাজ্যগুলোতে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের লক্ষ্য, আগাম সতর্কতা ও উদ্ধারকাজের প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমানো। আগামী ২০ নভেম্বর ঝড়ের সম্ভাব্য গতিপথ ও শক্তির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।