...|...|...

বিশ্ব

১২ বছর পর ইরানপন্থী মিলিটারি ঘাঁটিতে ঢুকল ইরাকি বাহিনী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২০
Shares
১২ বছর পর ইরানপন্থী মিলিটারি ঘাঁটিতে ঢুকল ইরাকি বাহিনী

ছবি: সংগৃহীত

প্রায় ১২ বছর বন্ধ থাকার পর ইরাকের জুরফ আল-সাখার এলাকার একটি অংশ দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর জন্য খুলে দেওয়া হয়েছে। অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইরানপন্থী মিলিশিয়াদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে জুরফ এলাকার বন্ধ থাকা সড়কগুলো খুলে দেওয়া হচ্ছে। ইরাকের সিকিউরিটি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া জুরফ এলাকার ভেতর দিয়ে যাওয়া তেল পাইপলাইনগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এসব পাইপলাইনের দৈর্ঘ্য পাঁচ কিলোমিটারের বেশি হতে পারে। এগুলোর নিরাপত্তার দায়িত্ব থাকবে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এনার্জি পুলিশের ওপর।

এনার্জি পুলিশের সদস্যরা জুরফের কমান্ড সদর দফতরেও অবস্থান করবেন।

কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ হাতেম জানিয়েছেন, জুরফে কমান্ড সদর দফতরও খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নির্দেশে আগামীকাল আরও কিছু বন্ধ সেতু ও সড়ক খুলে দেওয়া হবে।

এলাকায় ফেডারেল পুলিশ এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) মধ্যে সহযোগিতার চিত্রও দেখা যাচ্ছে। জুরফের কমান্ড সদর দফতর এবং সেখানে যাওয়ার সড়কগুলোতে ফেডারেল পুলিশের উপস্থিতি জোরদার করার প্রস্তুতি চলছে, যাতে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সরকারের ভাষ্য অনুযায়ী, গত ১২ বছর ধরে জুরফ এলাকা কার্যত বন্ধ ছিল। এখন প্রথমবারের মতো জুরফ আল-সাখারের একটি অংশ সরকারি নিরাপত্তা বাহিনীর জন্য খুলে দেওয়া হলো।

তবে সেখানে মোট কত সেনা বা নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

প্রাথমিকভাবে দুই ব্রিগেড ফেডারেল পুলিশ এবং দুই ব্রিগেড ইরাকি সেনা সেখানে মোতায়েনের কথা রয়েছে। একই সাথে পিএমএফের দুটি ব্রিগেডকে পর্যায়ক্রমে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।