জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে বাংলাদেশের জন্য শুভ সূচনা করেছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিংয়ের সুবাদে তিনি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে নাগয়া সিটির ঐতিহ্যবাহী মিজুহো পার্ক অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডের পঞ্চম হিটে ট্র্যাকে নামেন ইমরানুর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই হিটে তিনি ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্থান অর্জন করেন।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রাথমিক পর্বের ছয়টি হিটের প্রতিটি থেকে প্রথম তিনজন করে মোট ১৮ জন স্প্রিন্টার সরাসরি সেমিফাইনালে ওঠেন। সেমিফাইনালে মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেওয়ায় বাকি ছয়টি স্থান নির্ধারিত হয় সব হিট মিলিয়ে সেরা সময় করা স্প্রিন্টারদের মধ্য থেকে। ১০.৪৯ সেকেন্ডের টাইমিং দিয়ে সেই বাছাইয়ে টিকে যান ইমরানুর এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন।
আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে সেমিফাইনালের তৃতীয় হিটে দৌড়াবেন ইমরানুর। সেখানে তিনি ২ নম্বর লেনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

