ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচাতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটা বেশ কয়েকটি নতুন নিরাপত্তা ফিচার চালু করছে। ধাপে ধাপে এসব ফিচার ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে।
পিনের জায়গায় এবার পাসওয়ার্ড
আগে টু-স্টেপ ভেরিফিকেশনের জন্য মাত্র ছয় ডিজিটের পিন ব্যবহারের সুযোগ ছিল। এখন থেকে চাইলে ব্যবহারকারীরা অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে পারবেন।
ছোট পিন সহজে অনুমান করা যায় বলে এই বদল অ্যাকাউন্টের সুরক্ষা আরও বাড়াবে।
একসাথে একাধিক পাস-কি ব্যবহারের সুযোগ
ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো বায়োমেট্রিক পদ্ধতিতে লগইনের জন্য পাস-কি এখন বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ ব্যবহার করেন। আগে একটি অ্যাকাউন্টে একটাই পাস-কি রাখা যেত, এখন থেকে অ্যান্ড্রয়েড- আইওএসের মতো ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা পাস-কি যোগ করা যাবে।
যেহেতু পাস-কি নির্দিষ্ট ডিভাইস আর বায়োমেট্রিক তথ্যের সাথে বাঁধা থাকে, তাই ফিশিং হলেও দূর থেকে অ্যাকাউন্ট হ্যাক করা কঠিন হয়ে যায়- সাধারণ পাসওয়ার্ডের চেয়ে এটি এখানে এগিয়ে। সেটিংস মেনুর অ্যাকাউন্ট অপশনে গিয়ে এটি চালু করা যাবে।
অচেনা কলারের তথ্য আগেই জানা যাবে
‘মোর কনটেক্সট’ নামের নতুন ফিচারে সেভ না করা নম্বর থেকে কল এলে ফোন ধরার আগেই দেখা যাবে নাম্বারটি কোন দেশের এবং কলদাতার সাথে কোনো কমন গ্রুপ আছে কিনা।
হোয়াটসঅ্যাপের ভাষ্যমতে, প্রতারকরা সাধারণত জরুরি অবস্থার ভান করে মানুষকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে থাকে- এই তথ্য আগে থেকেই সতর্ক থাকতে সাহায্য করবে। এই কাজের জন্য অনেকেই আলাদা ট্রু-কলার অ্যাপের ওপর নির্ভর করেন, এখন এই সুবিধা হোয়াটসঅ্যাপেই মিলবে।
করণীয় কী
এই সব ফিচার পেতে অ্যাপ সবসময় আপডেট রাখতে হবে। পাশাপাশি টু-স্টেপ ভেরিফিকেশন বা পাসকি চালু রাখা এবং অপরিচিত কারও সাথে ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার না করাই ব্যক্তিগত নিরাপত্তার সবচেয়ে ভালো উপায় হিসেবে থেকে যাচ্ছে।


