...|...|...

তথ্যপ্রযুক্তি

ফ্রিতে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৪
Shares
ফ্রিতে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন

ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা বাড়ছে। এ পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। এ জন্য ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও দিয়ে পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মেটার তথ্য অনুযায়ী, এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে কোনো ফেসবুক প্রোফাইলের পেছনে সত্যিকারের মানুষ রয়েছেন কি না, তা বোঝা সহজ হবে। তবে এটি অর্থের বিনিময়ে দেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার থেকে আলাদা। নতুন সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে চালুর পরিকল্পনা করা হয়েছে।

যেভাবে ভেরিফায়েড ব্যাজ পাবেন

নতুন ব্যবস্থায় ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ভিডিওতে থাকা মুখের সাথে অ্যাকাউন্টে ব্যবহৃত প্রোফাইল ছবির মিল পরীক্ষা করে পরিচয় যাচাই করা হবে। যাচাই সফল হলে অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

যেসব শর্ত পূরণ করতে হবে

এই ব্যাজ পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।

অ্যাকাউন্টে ভুয়া পরিচয়, প্রতারণা বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকলেও ভেরিফিকেশন পাওয়া যাবে না। এসব শর্ত পূরণের পাশাপাশি পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।

ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি শুধু প্রোফাইলেই নয়, ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।

মেটা বলছে, এআইয়ের সহজলভ্যতার কারণে ভুয়া পরিচয় ও বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা এখন আগের তুলনায় সহজ হয়েছে। এতে প্রতারণা ও জালিয়াতির ঝুঁকিও বাড়ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

তবে ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তির সততা বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা নয়। এটি কেবল ওই অ্যাকাউন্টের পরিচয় যাচাই করা হয়েছে- এমন একটি সংকেত। তাই ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রেও অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ারের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মেটা জানিয়েছে, ধাপে ধাপে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে। প্রথমে নির্দিষ্ট কয়েকটি দেশে চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে সুবিধাটি চালু হবে, তা এখনো জানানো হয়নি।