...|...|...

খেলা

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, তবুও দিন শেষে চাপে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩২
Shares
হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, তবুও দিন শেষে  চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পেসার হাসান মাহমুদ। তার ছয় উইকেট শিকারে ভর করে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেমেছে ৩৫৬ রানে। তবে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ফলে সফরকারীদের চেয়ে এখনও ২৬৮ রানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে ক্যারিবিয়ানদের শেষ উইকেট জুটি ভাঙতে বেশ বেগ পেতে হয় বাংলাদেশকে। শেষ উইকেটে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস ৩৩ রান যোগ করার পর মেহেদী হাসান মিরাজের বলে ভাঙে এই জুটি। ফলে ৩৫৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টে এক ইনিংসে ছয় উইকেট শিকার করেছেন এই তরুণ পেসার। কেভিন হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রোস্টন চেজ ও জশুয়া বিশপসহ মোট ছয় ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি।

গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পর দেশের মাটিতে এটি তার প্রথম পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট দখল করেন।

বোলারদের এমন সাফল্যের পর ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চোটের কারণে সাদমান ইসলাম ওপেনিংয়ে নামতে না পারায় প্রথমবারের মতো টেস্টে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন নাঈম হাসান (৫)। দলীয় ২২ রানের মাথায় নাঈম ও তানজিদ হাসান (১৬) সাজঘরে ফিরে গেলে প্রাথমিক চাপে পড়ে দল।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় ২৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১৮ রান করে শান্ত শামার জোসেফের বলে বোল্ড হন। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা আর কোনো বিপদ ঘটতে দেননি হৃদয়। দিন শেষে তাওহীদ হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে মূল্যবান ৩৭ রান।

৭ উইকেট হাতে রেখে এখনও ২৬৮ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে তৃতীয় দিনে বড় জুটি গড়ে লড়াইয়ে ফিরতে হবে।