এভারটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি। সেই ম্যাচে চোয়াল ভেঙেছে চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। এরপর অস্ত্রোপচার করিয়েছেন তিনি চোয়ালের। অস্ত্রোপচারের কয়েকঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের অবস্থা জানিয়েছেন মার্তিনেজ। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। নিশ্চিত করেছেন কবে নাগাদ মাঠে ফিরতে পারেন।
ইনস্টাগ্রামে হাসপাতালের বেডে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমরা কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।’
আর্জেন্টিনার এই গোলরক্ষকের মাঠে ফিরতে দেড় মাসের মতো সময় লাগতে পারে। ফলে তিনি শুধু চেলসির ম্যাচ নয়, জাতীয় দলের হয়ে বছরের সবশেষ আন্তর্জাতিক ম্যাচগুলোও মিস করবেন। ওই সময়ে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে খেলার কথা আর্জেন্টিনার।
চিকিৎসকদের করা সিটি স্ক্যানে ঘাড়, পিঠ ও মাথার খুলির পরীক্ষার ফল সন্তোষজনক ছিল। তবে পরীক্ষায় চোয়ালের হাড় ভাঙার বিষয়টি ধরা পড়ে, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয়।
মার্তিনেজের অস্ত্রোপচার সফল হওয়ার খবর প্রকাশ্যে আসার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াও তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেজের সাথে নিজের একটি ছবি পোস্ট করে তাপিয়া লেখেন, ‘প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। তোমার জন্য রইলো পৃথিবীর সব শক্তি। দূর থেকে অনেক বড় আলিঙ্গন। আমার বিশ্বাস, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়ই আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।’


