...|...|...

খেলা

হালান্ডের জোড়া গোলের রাতে ডেনমার্ককে হারাল নরওয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৩
Shares
হালান্ডের জোড়া গোলের রাতে ডেনমার্ককে হারাল নরওয়ে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে ফিরেই আবারও গোলের ঝলক দেখালেন আর্লিং হালান্ড। দুই গোলের লিড ধরে রাখতে না পারলেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি তারকার জোড়া গোলে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। ম্যাচের শুরুতে দাপট দেখানোর পর সমতায় ফিরে এসেছিল ডেনিশরা। তবে হালান্ডের দ্বিতীয় গোলেই জয় নিশ্চিত করে স্বাগতিকেরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নরওয়ের উলেভাল স্তাদিওনে মুখোমুখি হয় নরওয়ে ও ডেনমার্ক। উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বল দখলেও ছিল প্রায় সমতা। উভয় দলই প্রতিপক্ষের গোলমুখে সাতটি করে শট নিতে সক্ষম হয়। শেষ দিকে নরওয়ের এক খেলোয়াড় লাল কার্ড দেখলেও জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি স্বাগতিকদের।

ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় নরওয়ে। অস্কার বব বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে ডেনমার্কের জালে বল পাঠান। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সের কঠিন কোণ থেকে প্রথম স্পর্শেই জোরালো শটে গোল করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডেনমার্ক। ২৫তম মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে ব্যবধান কমান মিকেল ড্যামসগার্ড। ফলে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে নরওয়ে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ডেনমার্ক। ৬০তম মিনিটে রাসমুস হয়লুন্ড কাছ থেকে নেওয়া শটে গোল করে স্কোরলাইন ২-২ করেন। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।

শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে আবারও পার্থক্য গড়ে দেন হালান্ড। বক্সের ভেতর বল পেয়ে প্রথম স্পর্শেই শক্তিশালী শটে ডেনিশ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তার দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

জাতীয় দলের জার্সিতে হালান্ডের দুর্দান্ত গোলের ধারাবাহিকতাও অব্যাহত থাকল। নরওয়ের হয়ে ৫৬ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৬৪। ম্যাচের অতিরিক্ত সময়ে নরওয়ের ডেভিড মোলার ওল্ফ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১০ জনের দল নিয়েও জয় ধরে রাখতে কোনো সমস্যা হয়নি নরওয়ের।