...|...|...

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,১১৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৯ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, রাত ৮:০৫
Shares
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,১১৪

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ১১৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম বা এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।