...|...|...

বিশেষ প্রতিবেদন

৪২ বীমা কোম্পানি

হাজার কোটি টাকা পাওনা এনবিআরের

সর্বমোট ২৫৩ মামলা, কিছু মামলা দুই যুগ ধরে ঝুলে আছে উচ্চ আদালতে

এনায়েত শাওন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪১
Shares
হাজার কোটি টাকা পাওনা এনবিআরের

ছবি: এআই দিয়ে তৈরি।

দেশের ৪২টি বীমা ও জীবন বীমা কোম্পানীর কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা হাজার কোটি টাকা। এসব বীমা কোম্পানির সঙ্গে এনবিআরের কর সংক্রান্ত আড়াইশোর অধিক মামলা চলমান যার কোনোটা উচ্চ আদালত ও কিছু আপীল বিভাগে বিচারাধীন রয়েছে। এসবের কোনো কোনো মামলা দুই যুগ আগের হলেও সুরাহার আশায় ঝুলে রয়েছে আদালতে। ফলে বীমা কোম্পানিগুলোর কাছে এনবিআরের বকেয়ার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তথ্যমতে, ২৯টি বীমা ও ১৩টি জীবন বীমার কোম্পানি সঙ্গে কর সংক্রান্ত ২৫৩টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে আপীল বিভাগের রায়ের অপেক্ষায় রয়েছে দশটি বাকিগুলো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। রুপালী ইন্স্যুরেন্সের সঙ্গে ২০০১ সালের হলেও এখনো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে । এসব মামলার মধ্যে সবচেয়ে বেশি ১৪টি মামলা রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেনের সঙ্গে। এবং সবচেয়ে বেশি পরিমাণ অর্থ পাওনা রয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কাছে।

তবে, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার ক্ষমতার আসার পর নাজুক অর্থনৈতিক অবস্থা সামাল দিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনার দিকে নজর দেয়। এরই ধারাবাহিকতায় এনবিআরের লিগ্যাল কর উইংয়ের পক্ষ থেকে সকল মামলা তালিকা হালনাগাদের উদ্যোগ নেয়। একে একে বিভিন্ন সেক্টরভিত্তিক বকেয়া আদায়ের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

জানতে চাইলে এনবিআরের সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট) (চলতি দায়িত্ব) মনোয়ার আহমেদ টাইমস টুডেকে বলেন, সমস্ত পুরোনো মামলা সুরাহার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সদিচ্ছার প্রতিফলন হয়েছে, উচ্চ আদালতও সহযোগিতা করছে। এজন্য এনবিআর টাস্কফোর্সও গঠন করেছে। এমন ভাইব্রেন্ট এর আগে কখনো লক্ষ্য করিনি।

এনবিআর সূত্রে জানা গেছে, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের ছয়টি মামলার উচ্চ আদালতে চলমান ও আপীল বিভাগের চলমান এবং জড়িত অর্থের পরিমাণ প্রায় ১৮৫ কোটি টাকা। উচ্চ আদালতে ১২৪.৫৬ কোটি টাকা ও আপীল বিভাগের দুটি মামলার বিপরীতে ৬০.৪৩ কোটি টাকা আটকে রয়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১১মামলায় জড়িত অর্থ ১৪৯কোটি টাকা। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চারটি মামলায় ১২২কোটি ৭১লাখ, প্রগতি ইন্স্যুরেন্সের ১২টি মামলায় ৬২কোটি ২৪লাখ, ফিনিক্স বাংলা ইন্স্যুরেন্সের  আটটিতে ৫৫কোটি ৮৪লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পাচ মামলায় ৩৩কোটি ৮৯লাখ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯টিতে ২৭কোটি ৭৫লাখ টাকা পাওনা।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একটি মামলায় ২৩কোটি ৭৭লাখ টাকা, এশিয়া ইন্স্যুরেন্সের ১১মামলায় ২১কোটি ৮৬লাখ, পিপলস ইন্স্যুরেন্সের পাঁচ মামলায় ২৩কোটি ৯৪লাখ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নয়টি মামলায় ২০কোটি ৭৯লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের সঙ্গে আটটি মামলায় ১৫কোটি ৫৫লাখ পাওনা রয়েছে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তিনটিতে ১৬কোটি ১৭লাখ টাকা উচ্চ আদালতে ও আপীল বিভাগে বিচারাধীন  ৩টি মামলায় ২৭কোটি ৬৭লাখ টাকা রায়ের অপেক্ষায় রয়েছে।  সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের দুটি মামলায় ৫৯কোটি ৯০লাখ টাকা আটকা রয়েছে।

সবচেয়ে বেশি ১৪টি মামলা রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের সঙ্গে। এসব মামলায় জড়িত অর্থ   ২৫কোটি ৩১লাখ।  রিলায়েন্স ইন্স্যুরেন্সের নয়টি মামলায় ১১কোটি ৩০লাখ আদালতের রায়ের জন্য ঝুলে রয়েছে। ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাতটি মামলায় ৯কোটি ৯৫লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আটটি মামলায় ২৫কোটি ৩৪লাখ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পাঁচটিতে ১৭কোটি ৪৫লাখ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৩টিতে ২১কোটি ২৪লাখ টাকা ঝুলে রয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের সাতটি মামলাইয় ৭কোটি ১লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের আটটি মামলায়  ৭কোটি ৪০লাখ, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের কাছে এক মামলায় ৩কোটি ৫১লাখ, অগ্রণী ইন্স্যুরেন্সের একটি মামলায় ১ কোটি ৪লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি মামলায় ১ কোটি ৭১লাখ, পাওনা রয়েছে।

সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে তিনটি মামলায় ৬কোটি ৬লাখ টাকা পাওনা রয়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দুটি মামলায় ১কোটি ৪৭লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দুটিতে ৪কোটি ২৫লাখ টাকা আদালতের রায়ের অপেক্ষায়  রয়েছে।

সিকদার ইন্স্যুরেন্সের দুটিতে ১কোটি ১০ লাখ, প্যারামাউন্ট লাইফ ইন্স্যুরেন্সের ছয়টিতে ৩কোটি ৬৫লাখ, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চারটি মামলায় ৩কোটি ৯৬লাখ। 

প্রাইম ইসলামী লাইফের দুটিতে ২কোটি ৭৬লাখ, জনতা ইন্স্যুরেন্সের ১২টির বিপরীতে ৭কোটি ৫৫লাখ, ইসলামী ইন্স্যুরেন্সের চারটিতে ৮কোটি ৪৭লাখ, রূপালী ইন্স্যুরেন্সের ১২টিতে ৬কোটি ৪৫লাখ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ছয়টিতে ৩কোটি ২৬লাখ, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স আটটিতে ৩কোটি ২৭লাখ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২টিতে ৮কোটি ১লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তিনটিতে ৩কোটি ৬০লাখ ও জেনিথ ইসলামী লাইফের দুটিতে ৯লাখ ৪হাজার টাকা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। 

এছাড়া আপীল বিভাগের মামলার মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৪১লাখ ২৪হাজার ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চারটিতে ২কোটি ৯৯লাখ টাকা জড়িত রয়েছে।

বীমা কোম্পানির সঙ্গে চলমান এসব মামলার কোনোটি রেফারেন্স মামলা ও কোনোটি রীট মামলা বলে জানা গেছে। এসব মামলা জট কমাতে বিদায়ী এনবিআর চেয়ারম্যানের দফতর থেকে আধা সরকারি পত্র (ডিও) অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের দফতরে পাঠানো হয়। পত্রে উচ্চ আদালতে ঝুলে থাকা এসব মামলা দ্রুত কার্যতালিকায় আনতে এবং রাজস্ব আদায়ে গতি সঞ্চারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সহযোগিতা কামনা করা হয়। ফলশ্রুতিতে গত ২৩ মে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দিনব্যাপী বৈঠক করেন এনবিআরের দায়িত্বশীল কর্মকর্তারা। সেই সভায় আয়কর, মূসক ও শুল্ক সংক্রান্ত মামলার বাছাই করা তালিকা তুলে দেন। তালিকায় ২০০ কোটি টাকা বা তার বেশি রাজস্ব জড়িত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের সহযোগিতা চাওয়া হয়। সেই সভায় অ্যাটর্নি জেনারেল মামলা সুরাহায় আদালতের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্বারোপ করেন।