...|...|...

বিশ্ব

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করল রাশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪২
Shares
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করল রাশিয়া

ছবি: সংগৃহীত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে রাশিয়া। মস্কোর দাবি, দেশীয়ভাবে তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এটিই দেশটির প্রথম সাবমেরিন।

আল জাজিরার বরাতে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পুতিন বলেন, ‘রাশিয়া বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম। এগুলো এমন অস্ত্র, যার সক্ষমতা ও গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।’

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে দীর্ঘ সময় গোপনে চলাচলের সক্ষমতার কারণে কোনো হামলার পরও পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতে এ ধরনের সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি সাবমেরিন যুক্ত হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির। ‘পার্ম’ও এই শ্রেণির সাবমেরিন।

তার ভাষ্য, এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং ‘বিশ্বের যেকোনো সমুদ্রাঞ্চলে’ অভিযান চালানোর সক্ষমতা রাখে।

রাশিয়ার নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার কথাও জানিয়েছেন পুতিন। তিনি বলেন, শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার জন্য নেওয়া সব পরিকল্পনা সম্পূর্ণভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে।