...|...|...

রাজধানী

হাইড্রোলিক হর্ন-বিকন লাইট ব্যবহার করলে ব্যবস্থা নেবে ডিএমপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
হাইড্রোলিক হর্ন-বিকন লাইট ব্যবহার করলে ব্যবস্থা নেবে ডিএমপি

ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বার্থ রক্ষায় আগামী ১ ডিসেম্বর থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ওই দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হবে। এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম সরিয়ে ফেলার জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজন বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে তা দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বাসসকে বলেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

তিনি বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

আনিছুর রহমান আরও বলেন, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইলেন্সারও রয়েছে। এতে মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ কারণেই বিশেষ অভিযান শুরু হচ্ছে।

তিনি জানান, সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত চার ধরনের যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো-অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ অন্যান্য বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার নিষিদ্ধ।

অটোরিকশা ও একই ধরনের যানবাহন থেকেও উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি করপোরেশন এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া শেষে এ ধরনের যানবাহনের বিরুদ্ধেও অভিযান চলবে। নিবন্ধন কার্যক্রম শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলার মধ্যে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বাসসকে বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদ্‌রোগী ও অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে, অনুমোদনহীন বিকন লাইট সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

শব্দের মাত্রা ও শাস্তির বিধান

‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর তফসিল-১ অনুযায়ী, এলাকাভেদে অনুমোদিত শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল এবং মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল শব্দের সীমা নির্ধারিত রয়েছে। বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল শব্দের মাত্রা অনুমোদিত।

বিধিমালায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৬ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে অপরাধীর সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এ ছাড়া হাইড্রোলিক হর্ন ও মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাত বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। উপবিধি (১) অনুযায়ী, মোটরযানের অবস্থান বোঝাতে শ্রবণযোগ্য ও পর্যাপ্ত সতর্কতা দেওয়ার জন্য প্রতিটি মোটরযানে চালকের তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী হর্ন বা অনুমোদিত অন্য কোনো যন্ত্র থাকতে হবে।

উপবিধি (২) অনুযায়ী, হর্ন বা যন্ত্রের উৎপাদিত শব্দের মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। উপবিধি (৩)-এ পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুশ্রুতি হর্ন এবং তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন মোটরযানে সংযোজন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তবে উপবিধি (৪) অনুযায়ী, মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে উপবিধি (৩)-এর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।