...|...|...

বিশ্ব

হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৩৫
Shares
হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘায়িত বিরোধ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে কৌশলগত হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে প্রতিবেশী দেশ ওমানের সাথে পুনরায় আলোচনা শুরু করেছে ইরান।

যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বব্যাপী তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ পরিবহন করা এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় আলোচনা চালিয়ে আসছে ইরান ও ওমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এই জলপথে বেশিরভাগ জাহাজ চলাচলই বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দুই দেশ জানিয়েছে যে, তারা এই প্রণালীর মধ্য দিয়ে একটি যৌথ অস্থায়ী নৌচলাচল করিডোর নিয়ে আলোচনা করেছে এবং মাইন বা জলমগ্ন মারণাস্ত্র থেকে এটি পরিষ্কার করতে সম্মত হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে করা নিজের মন্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন যে প্রণালীর সমস্ত মাইন পরিষ্কার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের মাত্রা অনেকাংশে কমে এলেও শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা থমকে গেছে এবং এই জলপথ দিয়ে যাতায়াত এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়ে গেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, মঙ্গলবার প্রণালীর প্রবেশদ্বারে অবস্থিত ওমানের আশ শিশাহর প্রায় ৯ নটিক্যাল মাইল (১৭ কিলোমিটার) উত্তর-পূর্বে অজানা এক প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত ও অচল হয়ে পড়েছে।

এরই মধ্যে, ট্রাম্পের সর্বকনিষ্ঠ পুত্র ব্যারনকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও সম্পর্কে তারা অবগত রয়েছে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।

ইরানি রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত তিন মিনিটের ওই ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে দাবি করা হয় যে তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং তার হত্যার জন্য ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।