...|...|...

সারাদেশ

সড়কে নিভে গেল প্রবাসফেরত ২ ভাইয়ের জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৯
Shares
সড়কে নিভে গেল প্রবাসফেরত ২ ভাইয়ের জীবন

সড়কে নিভে গেল প্রবাসফেরত ২ ভাইয়ের জীবন। ছবি: টাইমস টুডে

প্রবাসের জীবন ছেড়ে কয়েক মাস আগে দেশে ফিরেছিলেন দুই সহোদর ভাই। স্বপ্ন ছিল পরিবারকে নিয়ে নতুন করে জীবন সাজানোর। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে গেল তাদের সব স্বপ্ন। চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ওই দুই ভাই।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তারা ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে। দুই ভাইয়ের বয়সের ব্যবধান ছিল মাত্র চার বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজেদের মোটরসাইকেলে বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন তুষার ও ইরাত। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইফতেখার মাহমুদ তুষারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমতিয়াজ মাহমুদ ইরাতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মাত্র কয়েক মাস আগেও প্রবাসের জীবন পেছনে ফেলে দেশে ফিরেছিলেন দুই ভাই। পরিবার-পরিজনকে নিয়ে নতুন করে জীবন শুরুর স্বপ্ন দেখছিলেন তারা। কিন্তু সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তাদের প্রাণ।

একসাথে বেড়ে ওঠা, একসাথে পথচলা-শেষ পর্যন্ত একই দুর্ঘটনায় নিভে গেল দুই ভাইয়ের জীবনপ্রদীপ। দুই সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।