...|...|...

বিশ্ব

সরকারি স্বাস্থ্য পোর্টাল হ্যাক

স্যাম অল্টম্যানসহ এআইয়ের ২ শীর্ষ সিওকে তলব অস্ট্রেলিয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩২
Shares
স্যাম অল্টম্যানসহ এআইয়ের ২ শীর্ষ সিওকে তলব অস্ট্রেলিয়ার

স্যাম অল্টম্যান এবং দারিও আমোদি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ডেটাবেসে একটি এআই বটের সাইবার অনুপ্রবেশের চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই ওপেনএআই এবং অ্যানথ্রপিক-এর প্রধান নির্বাহীদের দেশটির পার্লামেন্টের সিনেট শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার ‘গ্রিনস’ পার্টির সিনেটর সারাহ হ্যানসন-ইয়ং-এর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের তথ্যমতে, আগামী বৃহস্পতিবার রাজধানী ক্যানবেরায় এআই সংক্রান্ত সিনেট শুনানির উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে অংশ নেওয়ার জন্য ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের দারিও আমোদি-কে আনুষ্ঠানিকভাবে লিখিত অনুরোধ পাঠানো হয়েছে।

এই সিনেট-এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টারগুলোর নিরাপত্তা, ডেটা স্বচ্ছতা, অস্ট্রেলীয় সমাজ, শিল্প খাত, পানি ও জ্বালানির ওপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। এআই খাতের ওপর নজরদারির অংশ হিসেবে এটি দেশটির বেশ কয়েকটি রাজ্য ও ফেডারেল তদন্তের মধ্যে অন্যতম।

সিনেটর সারাহ হ্যানসন-ইয়ং-এর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ান সরকারি ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় ওপেনএআই এবং স্যাম অল্টম্যানের কাছে উত্তর পাওয়ার মতো অত্যন্ত গুরুতর কিছু প্রশ্ন রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অল্টম্যান এবং আমোদি উভয়কেই অবশ্যই সশরীরে হাজির হতে হবে, সিনেটের প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং এই শিল্পের জন্য কার্যকর ও স্থায়ী নিয়ন্ত্রণ বা রেগুলেশন কেমন হওয়া উচিত, সে বিষয়ে খোলামেলা আলোচনা করতে হবে।

এদিকে, মেডিকেয়ার পোর্টাল হ্যাকের ঘটনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশের বাহ্যিক সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট বা বটের অনুপ্রবেশের ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত ঘটনা।