আগামী তিন মাসের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসক ও নার্সসহ মোট ৪৩ হাজার ৩৯০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেটের কয়েকটি সরকারি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, নতুন নিয়োগের মধ্যে প্রায় সাড়ে ৭ হাজার নার্স এবং আড়াই হাজার চিকিৎসক থাকবেন। পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পদেও জনবল নিয়োগ দেওয়া হবে।
মন্ত্রী বলেন, নতুন নিয়োগে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং মোট নিয়োগের প্রায় ৮০ শতাংশ নারী হওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মিডওয়াইফ ও কেয়ারগিভিং-সংশ্লিষ্ট খাতে নারী কর্মী নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরেই জনবলের সংকট রয়েছে। সীমিত সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়ে হাসপাতালগুলোতে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে।
তার ভাষ্য, স্বাস্থ্যসেবায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও অনিয়ম দূর করে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, কোথাও সমস্যা থাকলে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করা হবে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতার কাজ আগামী কয়েক দিনের মধ্যেই শুরু করার কথা জানান তিনি।
সিলেটে নির্মাণাধীন এবং অনুমোদন পাওয়া সরকারি হাসপাতালগুলোর কাজ দ্রুত শেষ করে সেগুলো চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়ানুবর্তিতার বিষয়টি নিশ্চিত করার আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের সেবার মান বাড়ানো এবং রোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। মতবিনিময় সভায় স্থানীয় বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।


