...|...|...

বিশ্ব

স্বর্ণ পরিশোধনে বড় বিনিয়োগ পশ্চিম আফ্রিকার চার দেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:২১
Shares
স্বর্ণ পরিশোধনে বড় বিনিয়োগ পশ্চিম আফ্রিকার চার দেশের

ছবি: সংগৃহীত

স্বর্ণ রফতানির আগে নিজ দেশেই তা পরিশোধনের উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার চার দেশ। এ লক্ষ্যে পরিশোধনাগার নির্মাণ ও বিদ্যমান কারখানার সক্ষমতা বাড়াতে বড় অঙ্কের বিনিয়োগ করছে ঘানা, গিনি, মালি ও বুরকিনা ফাসো। এসব দেশের লক্ষ্য, দুবাইয়ের মতো আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্যকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে মূল্যবান এই খাত থেকে অর্জিত আয় দেশের অর্থনীতিতে ধরে রাখা।

বার্তাসংস্থা রয়টার্সের ২৪ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে এসব দেশে চালু হওয়া এবং নতুন করে ঘোষিত স্বর্ণ পরিশোধন প্রকল্পগুলোর সম্মিলিত বার্ষিক সক্ষমতা এক হাজার টনের বেশি। অথচ পুরো পশ্চিম আফ্রিকায় বছরে স্বর্ণ উৎপাদিত হয় আনুমানিক ৫৮৫ টন। অর্থাৎ, অঞ্চলটির মোট উৎপাদনের তুলনায় প্রস্তাবিত ও চালু পরিশোধনাগারগুলোর সক্ষমতা প্রায় দ্বিগুণ।

স্থানীয় পর্যায়ে স্বর্ণ পরিশোধনের মাধ্যমে খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে চায় দেশগুলো। একইসাথে স্বর্ণের অভ্যন্তরীণ বাণিজ্য ও রফতানি ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনাতেও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

তবে বিপুল বিনিয়োগের এই উদ্যোগ নিয়ে কিছু শঙ্কাও দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিল্পের ব্যক্তিদের আশঙ্কা, স্বর্ণ উৎপাদনের তুলনায় পরিশোধনাগারের সংখ্যা ও সক্ষমতা বেশি হয়ে গেলে অনেক কারখানাই পূর্ণ উৎপাদনে যেতে পারবে না। এতে বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত আয় পাওয়া কঠিন হয়ে উঠতে পারে।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। স্বর্ণ পরিশোধনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, দক্ষ জনবল এবং পর্যাপ্ত মূলধনের অভাব বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিশেষ করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বিক্রির ক্ষেত্রে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলবিএমএ) স্বীকৃতি গুরুত্বপূর্ণ। এ স্বীকৃতি না থাকলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পরিশোধিত স্বর্ণ বিক্রির সময় তুলনামূলক কম দাম পাওয়ার ঝুঁকি রয়েছে।

সব মিলিয়ে, স্বর্ণের উৎপাদন থেকে পরিশোধন ও আন্তর্জাতিক বাজারে বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিম আফ্রিকার দেশগুলো। তবে নতুন বিনিয়োগের সুফল পেতে উৎপাদনের সঙ্গে পরিশোধন সক্ষমতার ভারসাম্য এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করাই হবে তাদের বড় চ্যালেঞ্জ।