স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সমন্বয়ের লক্ষ্যে ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে এবং সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আখতার হোসেনকে।
সোমবার (৯ নভেম্বর) রাতে দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির ঢাকা মহানগর উত্তরের দায়িত্বে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার রয়েছেন।
বিভাগভিত্তিক দায়িত্বে রংপুর বিভাগে মো. সারজিস আলম, খুলনা বিভাগে হাসনাত আব্দুল্লাহ, ময়মনসিংহ বিভাগে আব্দুল হান্নান মাসউদ এবং চট্টগ্রাম বিভাগ উত্তরে আকরাম হুসাইনসহ বিভিন্ন বিভাগীয় সমন্বয়কদের সদস্য করা হয়েছে।
এ ছাড়া পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব এবং দলের দফতর, প্রচার, মিডিয়া ও আইন সম্পাদকসহ বিভিন্ন বিভাগীয় সম্পাদকরা এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

