ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীসহ পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার ইন্দুশেখর জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, হত্যাকাণ্ডের পর তিনি এখন ‘শান্তিতে’ আছেন। তার দাবি, স্ত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অপমান ও অসম্মান সহ্য করার পরই তিনি এই হত্যাকাণ্ড ঘটান।
শনিবার পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ইন্দুশেখর অভিযোগ করেছেন, তার স্ত্রী নিয়মিত তাকে অপমান করতেন। স্ত্রীর পরিবারের অন্য সদস্যরাও তাকে অসম্মান করতেন এবং সব সময় স্ত্রীর পক্ষ নিতেন। এসব কারণে দীর্ঘদিন ধরে তার মধ্যে ক্ষোভ জমে ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইন্দুশেখর বলেছেন, ‘আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট।’
তদন্তে তার মেয়েরও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের দাবি, বাবার পরিকল্পনার কথা জানার পরও তিনি সহযোগিতা করতে রাজি হন। মায়ের সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পর তিনি বাবাকে সহায়তা করেন বলে অভিযোগ।
পুলিশ আরও বলেছে, হত্যাকাণ্ডের পর লাশ সরানো এবং আলামত নষ্ট করতেও বাবাকে সহায়তা করেন ওই মেয়ে। বাড়ির রক্তের দাগ মুছে ফেলতে রাসায়নিকসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হয় এবং নিয়মিতভাবে ঘর পরিষ্কার করে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, বেঙ্গালুরুর শ্রীপুরম এলাকায় প্রায় ৩ কোটি রুপি মূল্যের একটি সম্পত্তি নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের অন্যতম কারণ বলে মনে করছেন তদন্তকারীরা। শাশুড়ির কাছে ওই সম্পত্তির বড় অংশ দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে শাশুড়ি তার দুই ছেলের স্বার্থ বিবেচনায় নিয়ে কেবল ন্যায্য অংশ দেওয়ার কথা জানিয়েছিলেন।
পুলিশের তথ্যমতে, হত্যার পর নিহতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। তদন্তকারীদের ধারণা, সম্পত্তি ও সংশ্লিষ্ট নথির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছিলেন।
গালফ নিউজের প্রতিবেদন মতে অভিযোগ রয়েছে, বাবা-মেয়ে লাশগুলো বিভিন্ন স্থানে ফেলে দিয়ে পুলিশের সন্দেহ এড়ানোর পরিকল্পনা করেছিলেন। ইন্দুশেখর তার মেয়েকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ কখনোই তাদের ধরতে পারবে না।
৫২ বছর বয়সী ইন্দুশেখর ওরফে শেখর পেশায় গাড়িচালক। গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে স্ত্রীর পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।
নিহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী সুনিথা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী নাতি পুনিত।
পুলিশের দাবি, গত ১৬ অক্টোবর স্ত্রী সুনিথাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করেন ইন্দুশেখর। পরে তার লাশ নন্দী পাহাড়ের কাছে ফেলে দেন।
এরপরের দুই সপ্তাহে পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন অজুহাতে নিজের বাড়িতে ডেকে এনে একে একে হত্যা করেন তিনি। কখনও পানাহারের আয়োজন, আবার কখনও পরিবারের অন্য সদস্যদের বেড়াতে যাওয়ার কথা বলে তাদের বাড়িতে ডাকা হতো বলে অভিযোগ রয়েছে।


