সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ খুরাইস এলাকায় রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট আরামকোর স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, তাদের চালানো অভিযানগুলো “সফলভাবে লক্ষ্য অর্জন করেছে” এবং হামলার পর লক্ষ্যবস্তুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে খুরাইসের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। রিয়াদে আরামকো-সংশ্লিষ্ট একটি স্থাপনার কাছে আগুন ও কালো ধোঁয়া দেখা গেলেও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের রিয়াদে হামলার দাবিকে “বিভ্রান্তিকর” বলে প্রত্যাখ্যান করেছে।
হুথিরা বলছে, ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলার জবাব হিসেবেই সৌদি সামরিক ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে আরও হামলার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।
ইয়াহিয়া সারি দাবি করেন, গত ১২ ঘণ্টায় সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সাদাহ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন বাহিনী ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে ইয়েমেনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি বাহিনী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। এর আগে হুথিরা ইয়ানবুসহ সৌদি আরবের আরও কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছিল।
রিয়াদ ও খুরাইসে আরামকো স্থাপনায় হামলার নতুন দাবির মধ্য দিয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলছে।


