অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সহকর্মীর এমন অপ্রত্যাশিত চলে যাওয়া মেনে নিতে পারছেন না অভিনেতা চঞ্চল চৌধুরী। একসাথে কাজের অসংখ্য স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানকে স্মরণ করেন । সেখানে তিনি লেখেন, ‘সোহেল ভাই…..!!!! পরলোকে শান্তিতে থাকুন!!! আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভীড় জমাচ্ছে।’
চঞ্চল চৌধুরী ও সোহেল খান একসাথে বহু নাটকে অভিনয় করেছেন। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে তাই স্মৃতিকাতর হয়ে পড়েছেন এই অভিনেতা।
জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। তার আকস্মিক প্রয়াণে শোকাহত চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের মানুষ।
এদিকে ‘নসিব’ সিনেমার পরিচালক মো. ইকবাল জানিয়েছেন, অভিনেতার মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। তার লাশ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সহকর্মীদের কাছে স্মৃতিময় একজন মানুষ হিসেবে থেকে গেলেন সোহেল খান। তার এমন আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না সহকর্মীরা।


