...|...|...

সারাদেশ

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৮
Shares
সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তামূলক কাজের কারণে সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কাজের জন্য সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

অন্যদিকে, রাজশাহীর কয়েকটি এলাকায় সোমবার পর্যায়ক্রমে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ চলবে। এ কারণে ১১ কেভি বাইপাস ফিডারের আওতাভুক্ত এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকোর সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া পর্যন্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আড়াই ঘণ্টা।

এরপর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকায় মোট চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো।