...|...|...

সারাদেশ

সেনাসদস্য নিহত হওয়া সেই পাহাড়ে পড়ে আছে আরও ৩ লাশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৮
Shares
সেনাসদস্য নিহত হওয়া সেই পাহাড়ে পড়ে আছে আরও ৩ লাশ

সেনাসদস্য নিহত হওয়া সেই পাহাড়ে পড়ে আছে আরও ৩ লাশ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে এক সেনাসদস্য নিহত হওয়ার পর একই পাহাড়ে আরও তিনজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জানতে পারে পুলিশ। তবে সন্ধ্যা নেমে আসায় দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছে লাশগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারীদের একটি আস্তানায় তিনজনের লাশ পড়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধারের উদ্যোগ নেয়। তবে দুর্গম পথ ও রাতের অন্ধকারের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে রাত হয়ে যাওয়ায় ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারী চক্রের একটি আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযান চলাকালে মানবপাচারকারীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন সেনাসদস্য মো. তিতাস শেখ (২৭)। পরে তার মৃত্যু হয়।

অভিযানে মানবপাচারকারীদের আস্তানা থেকে ৫৬ জনকে উদ্ধার করা হয়। একই সাথে চক্রটির ছয় সদস্যকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাসদস্য নিহত হওয়ার পরও পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একই এলাকায় তিনজনের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড়ে সশস্ত্র অপরাধীদের তৎপরতা বন্ধে আরও জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, দুর্গম পাহাড়ে অবস্থান নেওয়া সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। মানববন্ধনের বিষয়েও প্রশাসন খোঁজখবর রাখছে।

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে মানবপাচারকারীদের গুলিতে একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় প্রশাসন গভীরভাবে শোকাহত। পাহাড়ে অপরাধী চক্রের তৎপরতা নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও প্রয়োজন।

তবে পাহাড়ে পড়ে থাকা তিনটি লাশের পরিচয় কিংবা কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।