...|...|...

সারাদেশ

সীমান্তে নারীকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৪
Shares
সীমান্তে নারীকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ছবি: টাইমস টুডে

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই নারী বর্তমানে আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে ভারতের অংশে অবস্থান করছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

সীমান্তবর্তী সূত্র ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী পাথরের চর সীমান্ত দিয়ে আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় ওই নারী নিজের নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি অসংলগ্ন কথাবার্তাও বলেন। দুপুর ১২টার পর তাকে শূন্যরেখার ওপারে পাঠানো হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে। আমরা ওখানে পাহারায় আছি আগের মতোই। তিনি এখনো ভারতের মধ্যে আছেন, আমরা তাকে বাংলাদেশে ঢুকতে দিইনি।”