সিলেট নগরীর শাহজালাল উপশহরে চুরির অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে আটকে রেখে মারধর এবং কোমরে শিকল বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এদিকে, চুরির অভিযোগে কিশোরীটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও আটককারীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পরে পুলিশ ওই কিশোরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আদালতে প্রেরণ করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আনুমানিক ১৫–১৬ বছর বয়সী ওই কিশোরীর কোমরে শিকল বাঁধা। কিশোরীকে কোমড়ে শিকল বেঁধে টেনে নিয়ে চলছেন এক যুবক। এ সময় কিশোরীটি অঝোরে কাঁদছিল এবং আকুতি জানাচ্ছিল। তবে ভিডিওতে শিকল ধরে টেনে নেওয়া ব্যক্তির মুখ স্পষ্ট দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগ এনে ওই কিশোরীকে আটক করেন স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন বাসিন্দা।
অভিযোগ রয়েছে, আটকের পর তাকে মারধর করা হয় এবং রাত ১১টার দিকে কোমরে লোহার শিকল বেঁধে মসজিদ মার্কেট এলাকার সড়কে ঘোরানো হয়। পরে খবর পেয়ে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।
ওসি বলেন, ‘স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মেয়েটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টা করেছে। তবে যারা তাকে আটক করেছিল, তাদের কেউই থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। এমনকি মেয়েটিকে থানায় আনার পর তারা কোনো ধরনের আইনি সহযোগিতাও করেননি।’
তিনি আরও জানান, কোনো সুনির্দিষ্ট বা বাদীপক্ষ না থাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ৮৯ ধারায় কিশোরীটিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরীকে শিকল বেঁধে সড়কে ঘোরানোর বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘শিকল বেঁধে ঘোরানোর বিষয়টি আমাদের জানা নেই। তবে চুরির অভিযোগ থাকলেও কারও সাথে এমন অমানবিক আচরণ করা বেআইনি ও অন্যায়।’


