...|...|...

খেলা

সিনিয়রদের দায়িত্ব ও আলিসের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন লিটন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫১
Shares
সিনিয়রদের দায়িত্ব ও আলিসের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন লিটন

লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে ব্যাটিং বিভাগের অভিজ্ঞ ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। তার মতে, ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখা এবং শীর্ষ ছয়-সাত ব্যাটারের ম্যাচ শেষ করে আসার সক্ষমতা অর্জন করা জরুরি। আসন্ন ত্রিদেশীয় সিরিজকে তাই ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর স্বাগতিক আফগানিস্তানের মুখোমুখি হবে দলটি। টুর্নামেন্ট শুরুর আগে সাম্প্রতিক ওয়ানডে ব্যর্থতা, ব্যাটারদের দায়িত্ব, নতুন মুখ আলিস আল ইসলাম এবং আগামী বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন লিটন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে কোনো ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। একই সমস্যায় পড়তে হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সিনিয়র ব্যাটারদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়েছেন অধিনায়ক।

লিটন দাস বলেন, ‘সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা এখানে (আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে) ৫০ ওভার ব্যাট করতে পারিনি, জিম্বাবুয়েতেও পারিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে যে, শীর্ষ ছয় বা সাতে যারা ব্যাট করছি, তারা যেন ম্যাচ শেষ করে আসতে পারি।’

তবে অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশ অধিনায়ক। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক মানসিকতায় সামনে এগিয়ে যাওয়ার পক্ষে তিনি। লিটনের মতে, আগের খারাপ পারফরম্যান্স ভবিষ্যতেও একই পরিণতির আশঙ্কা তৈরি করতে পারে না। প্রতিটি ম্যাচে ভালো ক্রিকেট খেলার মানসিকতা ধরে রাখতে হবে দলকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে যা ঘটেছে তা থেকে আমরা শিক্ষা নিতে পারি। 'আগে খারাপ খেলেছি, সামনেও খারাপ খেলব'- এমনটা ভেবে বসে থাকা যাবে না। আমাদের মানসিকতা সবসময় ইতিবাচক রাখতে হবে এবং আমরা ইতিবাচক ক্রিকেট খেলারই চেষ্টা করব।’

এদিকে আসন্ন সিরিজে ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। লিটনের বিশ্বাস, সাদা বলের ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানো এই স্পিনারকে জাতীয় দলে যুক্ত করার উপযুক্ত সময় এখনই। দলের সাথে থেকে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেশের হয়ে অবদান রাখার সুযোগও পাবেন তিনি।

আলিসের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স করেছেন এই স্পিনার। ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন আলিস।

তরুণ এই স্পিনারকে নিয়ে লিটন বলেন, ‘অবশ্যই, আপনি যদি আলিসের দিকে তাকান, ও সাদা বলের ক্রিকেটে খুব ভালো করেছে। বিশেষ করে বাংলাদেশের টি-টোয়েন্টি সার্কিটে নিজেকে প্রমাণ করেছে। আমার মনে হয় ওকে দলে আনার এটাই সঠিক সময়। জাতীয় দলের সাথে থেকে ও যদি অনেক কিছু শিখতে পারে এবং দেশের জন্য অবদান রাখতে পারে, তবে সেটা দলের জন্যই মঙ্গলজনক হবে।’

ত্রিদেশীয় সিরিজকে শুধু শিরোপা জয়ের লড়াই হিসেবে দেখছেন না লিটন। আগামী বছরের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ ফিরে পাওয়ারও গুরুত্বপূর্ণ মঞ্চ এটি। পূর্ণ মেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব শুরুর আগে এমন একটি টুর্নামেন্টকে নিজের জন্য বড় সুযোগ হিসেবে বিবেচনা করছেন তিনি।

লিটনের ভাষায়, ‘সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এটা আমার জন্য বড় একটা সুযোগ। সামনে আমাদের বিশ্বকাপ ও এশিয়া কাপ রয়েছে। আমার মনে হয় আমাদের প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। এশিয়া কাপে হয়তো পাঁচ-ছয়টি দল থাকে, আর ত্রিদেশীয় সিরিজে খেলছে তিনটি দল। তবে চাপ বা অন্যান্য দিকগুলো একই রকম থাকে।’