সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে যাব পদত্যাগ ইস্যুতে প্রবাসী সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার এই আগ্রহের কথা স্পষ্ট করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পাশাপাশি গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের আত্মপক্ষ সমর্থনে তিনি প্রশ্ন তুলেছেন, জমি দখল করিনি, চাঁদাও চাইনি, সমস্যা কোথায়?’
রবিবার (১৮ অক্টোবর) রাতে গনমাধ্যমে আলাপকালে সেই রাতের পরিস্থিতি ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, তারা যখন সেখানে ছিলেন তখন ছাদ থেকে দুটো গুলি চালানো হয়। তাছাড়া তারা ঢোকার মুহূর্তে একসাথে ২৫ থেকে ৩০ জন লোক বেরিয়ে আসে। ঐ সময় তার নিরাপত্তারক্ষীরা চিৎকার করছিলেন, যার ফলে কেউ অস্ত্র বের করছে ভেবে তিনি নিজের কোমর থেকে পিস্তল বের করেছিলেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার বিষয়ে ইশরাক জানান, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় পর্যায়ে যেন তার কারণে কোন বিঘ্ন না ঘটে, সেটি মাথায় রেখেই তার এই পদক্ষেপ। তবে ঢাকায় দল তাকে কাজ করার সুযোগ দেবে বলে তিনি উল্লেখ করেন।
রাজধানীর নগর ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ঢাকার কাঠামো একক কেন্দ্র থেকে পরিচালিত হয় না। আটটি মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪০টির বেশি প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াস প্রয়োজন ঢাকার সমস্যা দূর করতে। ইশরাক জানান, ঢাকাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীরও নিজস্ব ভাবনা রয়েছে এবং তিনি নিজেও দীর্ঘদিন ধরে নগরীর উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন।
নিজের সাম্প্রতিক কর্মকাণ্ডের স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি দাবি করেন, দেশের বেশিরভাগ মানুষই তার পদক্ষেপকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন।
উল্লেখ্য, শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের মাঠ সংলগ্ন পলিথিন ঢাকা এক ঘরে ইশরাক হোসেন ও তার সঙ্গীরা মাদকবিরোধী অভিযান চালান। উক্ত ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে নিজ হাতে অস্ত্র উঁচিয়ে তাড়া করতে দেখা যায়।
ব্যাপক সমালোচনার জবাবে এক বিবৃতিতে প্রতিমন্ত্রী পরবর্তীতে জানান, অভিযানে যাওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনী ও নিজস্ব সূত্রে ইশরাকের জানমালের ঝুঁকি এবং ছাদ থেকে হামলার আশঙ্কার বার্তা ছিল। ফলে সুনির্দিষ্ট হুমকির মুখে আত্মরক্ষার জন্য তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা খুব অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।
তবে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন তৈরি হলে রবিবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দেন।


