ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদল।
বুধবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত মোট পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি রয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন। ১১ দলীয় ঐক্যের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৈঠকে অংশ নেওয়ার আগে ড. আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরির বিষয়ে কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেওয়া হবে। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত রয়েছেন।
এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণাকালে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নালিশ জানিয়েছিল জামায়াতে ইসলামী।

