রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গুদামে লাগা আগুন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এর আগে সন্ধ্যায় ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় প্লাস্টিকের গুদাম ছিল। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে চকবাজারের ওই প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে বিকেল ৫টা ৪৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


