অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতারের পর প্রয়াত নায়ক সালমান শাহের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সালমান শাহের ভাই শাহরানকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী ও সালমান শাহের মামা আলমগীর কুমকুম।
১২ আগস্ট আদালতে ডনের জামিন শুনানির সময় সাংবাদিকদের সামনে একটি স্ক্রিনশটও দেখান তিনি।
ডনের জামিন শুনানিতে ঢাকার নিম্ন আদালতে আসেন মামলার বাদী ও সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। সাংবাদিকদের সামনে তুলে ধরেন একটি স্ক্রিনশট।
তার দাবি, ‘মামুন’ নামে এক সালমান শাহ- ভক্তের ফেসবুক লাইভে ‘শাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে কমেন্টের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। পরে অবশ্য কমেন্টটি মুছে ফেলা হয়।
স্ক্রিনশটে সালমান শাহের মা নীলা চৌধুরীকে ছেলের মৃত্যু নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ জন্য সতর্ক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সাথে সেখানে শাহরানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
তবে ওই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের পরিচয় এবং হুমকির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আলমগীর কুমকুম জানিয়েছেন, এ ঘটনায় রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি করবেন তারা। উল্লেখ্য, সালমান শাহ হত্যা মামলাটিও দায়ের করা হয়েছিল একই থানায়।
একই দিনে সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডনের জামিন শুনানি হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে।
ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল, তবে তীব্র বিরোধিতা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। দুই পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহের। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরে ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তের দাবি ওঠে।
আদালতের নির্দেশে দীর্ঘ সময় পর গত বছরের ২০ অক্টোবর সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও আশরাফুল হক ডনসহ ১১ জন এবং কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে নতুন করে পরিকল্পিত হত্যা মামলা দায়ের করেন।



