পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পেসার একসময় বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন সালমান খানের কাছ থেকে। তবে ক্রিকেটের সাথে অভিনয় দুই জগত একসাথে সামলানো সম্ভব হবে না মনে করে শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে কাজের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন শোয়েব। ভারত-পাকিস্তান সম্পর্ক যখন তুলনামূলক ভালো ছিল, তখন অভিনয়ে আসার বিষয়টি ভেবেছিলেন বলে জানান তিনি। ‘গ্যাংস্টার’ ছবিতেও তাকে একটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটি ইমরান হাশমীর চরিত্র ছিল না, অন্য একটি চরিত্রে তাকে ভাবা হয়েছিল। এ ছাড়া সালমান খানও তাকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
কিন্তু ক্রিকেটের ব্যস্ততার কারণেই শেষ পর্যন্ত সিনেমার জগতে পা রাখেননি শোয়েব। তার মতে, বছরের কয়েক মাস ক্রিকেট খেলার পর বাকি সময় শুটিংয়ে দেওয়া প্রয়োজন হতো। একই সাথে অভিনয় করলে ব্যক্তিগত জীবন নিয়েও নানা ধরনের আলোচনা তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
শোয়েব বলেন, তিনি দুই ভিন্ন জগত একসাথে সামলাতে পারতেন না। কয়েকজন পরিচালক তাকে খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন। তাদের মতে, এমন চরিত্রে খুব বেশি কিছু করতে হবে না। কিন্তু শোয়েবের মনে হয়েছিল, ক্রিকেট ও অভিনয় দুটি পেশায় একসাথে সফল হওয়া তার পক্ষে সম্ভব নয়।
সালমানের প্রশংসাও করেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। শারীরিক গঠনের দিক থেকে তাদের কিছুটা মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে মানুষ হিসেবে সালমানকে নিজের চেয়ে অনেক ভালো বলে উল্লেখ করেন শোয়েব। তার দানশীলতা ও মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টিও প্রশংসা করেন তিনি।
তবে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও সিনেমার প্রতি আগ্রহ একেবারে হারাননি শোয়েব। নিজের জীবন নিয়ে ভবিষ্যতে কোনো সিনেমা তৈরি হলে সেখানে তার চরিত্রে সালমান খান অভিনয় করুন এমন ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।


