চলতি মাসের ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নয় দিনে সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ২১টি মামলা হয়েছে এবং ৫৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদরদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদরদফতরের তথ্যমতে, এ সময়ে ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে গত কয়েক দিনে রাজধানীর জনবহুল এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং পুলিশি নিরাপত্তাবেষ্টিত এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।


