রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার (১৫ আগস্ট) ইন্টারনেট সংযোগে ধীরগতি অনুভব করেছেন ব্যবহারকারীরা, যার ফলে দিনভর ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে।
বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত- অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা সি-এমই-ডব্লিউই-৫ কেবলের পূর্ব ও পশ্চিম উভয় দিকের সংযোগই সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল।
কুয়াকাটায় স্থাপিত দেশের এই দ্বিতীয় সাবমেরিন কেবলটি বেলা সাড়ে ১১টায় বন্ধ হয়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে ফের সচল হয়।
সংস্থাটির প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় অবস্থিত এসএমডব্লিউ-৫ কেব্লের ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সমস্যাটির সঠিক অবস্থান বা কারণ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা যায়নি।
বিএসসিপিএলসি জানায়, কেবলটি বিচ্ছিন্ন থাকাকালীন বিকল্প উপায়ে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ অব্যাহত রাখা হলেও এর ফলে দেশের কিছু কিছু জায়গায় ইন্টারনেটের গতি কমে যায়। কেবলটি পুনরায় সচল হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
এ প্রসঙ্গে প্রথম আলোকে বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে কিছু সময় ডাউন ছিল। এখন আবার স্বাভাবিক। সামগ্রিকভাবে ইন্টারনেটে খুব বেশি প্রভাব পড়েনি।’



